ক্ষমতাবানদের জন্য ৫৫ দেশে ভিসামুক্ত প্রবেশ, দুর্বল পাসপোর্টে ভুগছে সাধারণ পাকিস্তানিরা

ক্ষমতাবানদের জন্য ৫৫ দেশে ভিসামুক্ত প্রবেশ, দুর্বল পাসপোর্টে ভুগছে সাধারণ পাকিস্তানিরা

সংগৃহীত ছবি

পাকিস্তানে সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিচারক ও আমলাসহ ক্ষমতাসীন অভিজাত শ্রেণির জন্য সরকারি সুযোগ-সুবিধা বাড়ছে। অন্যদিকে সাধারণ নাগরিকদের বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা ও ব্যবসায়িক কাজে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নানা বাধার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে সাধারণ পাসপোর্টের দুর্বল অবস্থানের বিপরীতে ক্ষমতাবানদের জন্য সরকারি নীল পাসপোর্টের সুবিধা সম্প্রসারণ নিয়ে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে একটি বিল পাস হয়েছে। এতে সাবেক সংসদ সদস্যরা পূর্ণ মেয়াদ শেষ না করলেও সরকারি নীল পাসপোর্টের সুবিধা আজীবন ভোগ করতে পারবেন। তাদের স্বামী বা স্ত্রীও এই সুবিধার আওতায় থাকবেন। অর্থাৎ কেউ অল্প সময়ের জন্য সংসদ সদস্য হলেও তিনি ও তার জীবনসঙ্গী আজীবন সরকারি পাসপোর্ট ব্যবহারের সুযোগ পাবেন।

সাবেক সংসদ সদস্যদের জন্য আগে থেকেই এ সুবিধা চালু ছিল। নতুন বিলে শুধু পূর্ণ মেয়াদ শেষ না করা সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্যদের সর্বোচ্চ ২৮ বছর বয়সী নির্ভরশীল সন্তানদেরও এই সুবিধা দেওয়ার প্রস্তাব উঠেছিল। তবে ব্যাপক সমালোচনার মুখে সেটি প্রত্যাহার করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৭০ হাজার সরকারি নীল পাসপোর্ট ইস্যু করা হয়েছে। অথচ সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য প্রকৃত প্রয়োজনীয় সংখ্যা প্রায় ২৫ হাজার।

ক্ষমতাবানদের এই বিশেষ সুবিধার বিপরীতে সাধারণ পাকিস্তানিদের পাসপোর্টের অবস্থান অত্যন্ত দুর্বল। ২০২৬ সালের জুলাইয়ের হেনলি পাসপোর্ট সূচকে বিশ্বের চতুর্থ দুর্বল পাসপোর্ট হিসেবে স্থান পেয়েছে পাকিস্তান। এর নিচে রয়েছে শুধু আফগানিস্তান, সিরিয়া ও ইরাক।

এর ফলে পাকিস্তানের সাধারণ নাগরিকদের প্রায় সব দেশেই ভ্রমণের জন্য আগাম ভিসা নিতে হয়। ভিসা আবেদনে দীর্ঘসূত্রতা, অতিরিক্ত যাচাই-বাছাই এবং প্রত্যাখ্যানের উচ্চ হার তাদের বিদেশযাত্রাকে কঠিন করে তুলেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির ব্যবসায়ী সম্প্রদায়। ভিসা জটিলতার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ব্যবসায়িক বৈঠক ও নতুন বাজার অনুসন্ধানে অংশ নিতে পারছেন না অনেক উদ্যোক্তা।

২০২৩ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক বস্ত্রবাণিজ্য মেলা হাইমটেক্সটিলে অংশ নিতে চাওয়া অধিকাংশ পাকিস্তানি ব্যবসায়ীর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল বলে অভিযোগ করেন দেশটির বিছানার চাদর ও গৃহসজ্জার সামগ্রী প্রস্তুতকারক সমিতির প্রতিনিধি ফারুক খান। তাঁর আশঙ্কা, এতে পাকিস্তানের রপ্তানিকারকেরা প্রায় ৫০০ কোটি ডলারের সম্ভাব্য ক্রয়াদেশ হারাতে পারেন। দেশটির মোট পণ্য রপ্তানি আয়ের প্রায় ৬০ শতাংশ আসে বস্ত্র খাত থেকে।

২০২৪ সালে গ্যালাপ পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, শেনজেন অঞ্চলে ভিসার জন্য আবেদনকারী পাকিস্তানিদের ৫২ শতাংশের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে যুক্তরাজ্যের ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় পাকিস্তানিরা প্রায় ৫৩ লাখ পাউন্ড আবেদন ফি হারিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাধারণ পাসপোর্টের মান উন্নয়নের উদ্যোগ নেওয়ার পরিবর্তে সরকারি পাসপোর্টধারীদের আন্তর্জাতিক চলাচল সহজ করতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে ইসলামাবাদ।

২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবের সঙ্গে চুক্তির মাধ্যমে কূটনৈতিক, সরকারি ও বিশেষ পাসপোর্টধারীদের ভিসামুক্ত ভ্রমণের সুযোগ দেওয়া হয়। একইভাবে ১৪ অক্টোবর ওমানের সঙ্গে চুক্তি করে কূটনৈতিক, বিশেষ, সার্ভিস ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ছাড় দেওয়া হয়। জুলাই ২০২৬ পর্যন্ত পাকিস্তানের নীল পাসপোর্টধারীরা ৫৫টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেয়েছেন। এর মধ্যে ২২টি ইউরোপীয় দেশ এবং ১৪টি শেনজেনভুক্ত।

২০২৫ সালের মার্চে ফ্যাক্ট ফোকাসের এক প্রতিবেদনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিবাহিত মেয়েদের সরকারি নীল পাসপোর্ট দেওয়ার অভিযোগও উঠে আসে। যদিও তাদের কোনো সরকারি পদ ও দায়িত্ব নেই।

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরীও সরকারি নীল পাসপোর্টধারীর অতিরিক্ত সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বিপুলসংখ্যক নীল পাসপোর্টধারী বিভিন্ন দেশের সঙ্গে ভিসা প্রত্যাহার চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানে সরকারি সুযোগ-সুবিধার অসম বণ্টন নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। যেখানে সাধারণ নাগরিকেরা দুর্বল পাসপোর্টের কারণে আন্তর্জাতিক যোগাযোগে পিছিয়ে পড়ছেন, সেখানে ক্ষমতাসীন অভিজাত শ্রেণি রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে নিজেদের ও পরিবারের জন্য বাড়তি সুযোগ নিশ্চিত করছে। এটি পাকিস্তানের রাষ্ট্রীয় সম্পদ ও প্রশাসনিক সুবিধার ওপর ক্ষমতাবানদের একচেটিয়া নিয়ন্ত্রণেরই প্রতিফলন বলে মনে করছেন তারা।

তথ্যসূত্র : দ্য ডন