গাজীপুরে সতর্কবার্তা লেখা বোমাসদৃশ বস্তু উদ্ধার
সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বোমাসদৃশ একটি লাল বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বস্তুটি দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো। এটি দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটি দেখতে ফুটপাতে ভিড় করেন উৎসুক জনতা। লাল বস্তুটির বাইরে তার বের করা রয়েছে। এর ওপরের অংশে লেখা রয়েছে ‘সতর্কবার্তা বিস্ফোরণ’। আর বিস্ফোরণ শব্দের নিচে লেখা রয়েছে ‘এমকে ডট’।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, কোনাবাড়ীতে বোমাসদৃশ একটি বস্তু দেখা গেছে। এ বিষয়ে তারা বিশেষজ্ঞ নন। এজন্য বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।