বরগুনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মেসিকে জরিমানা
সংগৃহীত
বরগুনা জেলায় ওষুধ প্রশাসনের নিয়মিত অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ডিপ ফ্রিজে ওষুধ রাখার কারণে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌর শহরের শের-ই-বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডলসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি ফার্মেসি বন্ধ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে যান। এ সময় খোলা থাকা ছগির মেডিকেল হলে প্রথমে অভিযান চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়নি।
পরে মায়ের দোয়া ফার্মেসিতে অভিযান চালিয়ে দুই বক্স মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এছাড়া ডিপ ফ্রিজে ওষুধ সংরক্ষণের বিষয়টি দেখতে পায়।
পরে ওষুধ ও কসমেটিকস আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ডিপ ফ্রিজে সংরক্ষিত ওষুধগুলো বিনষ্ট করার জন্য নিয়ে যাওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রসিকিউটর বীথি রানী মণ্ডল বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যেসব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযানের খবর জানতে পেরে অনেক ফার্মেসি বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার বাসসকে বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আজ দুটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে একটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। ভেজাল, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।