নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ফাইল ছবি
নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের দ্বিতীয় তলায় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়।
নির্বাচনে ২৫১ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী জহিরুল ইসলাম সোহাগ সভাপতি এবং একই সেশনের তৈয়বুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৬টি পদে ১০ জন প্রার্থী লড়াই করেন। অন্যান্য নির্বাচিতরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক শাহবাজ খান সজিব, সহ-সভাপতি জর্জ প্লাবন রোজারিও, সাংগঠনিক সম্পাদক সজীব বর্মন (জন) এবং দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান খান।
নটরডেমিয়ান সোসাইটির উদ্দেশ্য হলো নটরডেম কলেজ থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা বৃদ্ধি করা, যাতে তারা শিক্ষাগত ও পেশাগত জীবনে উন্নতি করতে পারে।
নবনির্বাচিত সভাপতি জহিরুল ইসলাম সোহাগ বলেন, "এটি জগন্নাথস্থ নটরডেম কলেজের শিক্ষার্থীদের জন্য একটি গতিশীল সংগঠন। আমরা নটরডেমিয়ানদের স্কিল বাড়ানোর জন্য নানা ধরনের কর্মসূচি আয়োজন করব, যেমন ক্যারিয়ার গাইডলাইন, নবীন বরণ এবং বিভিন্ন সমাজসেবা কার্যক্রম।"
সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান বলেন, "নটরডেম কলেজের শিক্ষার্থীরা সবসময় তাদের দক্ষতা ও নেতৃত্বের জন্য পরিচিত। আমাদের সোসাইটিটি ঐক্য, পারস্পরিক সাহায্য ও সমর্থনের একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এছাড়া, আমরা বিভিন্ন কর্মশালা ও সেমিনারের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে কাজ করব।"