ভারতে দাউদাউ করা আগুনে মাসহ ছাই হয়ে গেল দুই মেয়ে

ভারতে দাউদাউ করা আগুনে মাসহ ছাই হয়ে গেল দুই মেয়ে

প্রতিকী ছবি

ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩২ বছর বয়সী এক নারী এবং তার দুই অপ্রাপ্তবয়স্ক কন্যা জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন।গত বুধবার গভীর রাতে শামলি জেলার বাবরি থানা এলাকার কাইদি গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম শাহিদা (৩২) এবং তার ১৩ ও ১১ বছর বয়সী দুই মেয়ে। ঘটনাস্থলটি শামলি জেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রান্নার গ্যাসের সিলিন্ডার (এলপিজি) বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। সে সময় ওই নারী ও তার দুই মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে তারা ঘরের ভেতরে আটকা পড়ে যান এবং বের হওয়ার কোনো সুযোগই পাননি।

অগ্নিকাণ্ডের ফলে পুরো বাড়িতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ঘটনার সময় শাহিদার স্বামী সাজিদ তার দুই ছেলেকে নিয়ে পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে চিৎকার শুনে সাজিদের ঘুম ভেঙে যায় এবং তিনি দ্রুত স্ত্রী ও কন্যাদের উদ্ধার করতে ছুটে যান। সাজিদ প্রাণপণ চেষ্টা করেও আগুন নেভাতে বা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই নারী ও তার দুই মেয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়ে প্রাণ হারান। এই ঘটনার পর শামলি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানিয়েছে, বিষয়টি আমলে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।