কসবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আহত হয়েছেন।
নিহত আলমগীর হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারুই গ্রামের খোরশেদ আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমগীরসহ দুজন একটি মোটরসাইকেলে করে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। তিনলাখপীর বাসস্ট্যান্ড পার হয়ে কয়েক শ গজ দূরে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে আলমগীরকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মোটরসাইকেলে থাকা দুজন জেলা শহরের দিকে যাচ্ছিলেন। তিনলাখপীর এলাকায় বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আলমগীর নিহত হন এবং তার সঙ্গে থাকা অপর ব্যক্তি আহত হন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।