কপ৩১-এ জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর কাঠামো চায় বাংলাদেশ

কপ৩১-এ জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর কাঠামো চায় বাংলাদেশ

সংগৃহীত

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর জাতীয় কাঠামো গঠন, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩১তম অধিবেশন (কপ৩১)-এর দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

গত ১৭ নভেম্বর জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক সাইড ইভেন্ট ‘ফ্রম ন্যাশনাল ফ্রেমওয়ার্কস টু গ্লোবাল অ্যাকশন’-এ অংশ নিয়ে নাভিদ শফিউল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের লাখো মানুষের জীবনের কঠিন বাস্তবতা। এর প্রভাব শুধু মানুষের ঘরবাড়ি, সম্পদ ও জীবিকার ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক বন্ধন, পারস্পরিক সম্পর্ক এবং মানসিক সুস্থতার ওপরও গভীর প্রভাব ফেলে।

এ পরিস্থিতি মোকাবিলায় একটি সুস্পষ্ট ও কার্যকর জাতীয় কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার, স্থানীয় জনগোষ্ঠীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির বিষয়টি যথাযথভাবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

জলবায়ু পরিবর্তনের অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাও তুলে ধরেন বাংলাদেশের এই প্রতিনিধি।

তিনি বলেন, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শুধু নীতিগত অঙ্গীকার নয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বাস্তব ও কার্যকর অগ্রগতি অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া অঙ্গীকারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য অর্থবহ ও দীর্ঘস্থায়ী সুফল নিশ্চিত করতে হবে।

এদিকে, ১৮ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় কপ৩১ প্রেসিডেন্সির নেতৃত্বে আয়োজিত উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের অনুষ্ঠানে দ্বিতীয় গ্লোবাল স্টকটেক (জিএসটি-২) কার্যক্রমের সূচনা উপলক্ষে বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করেন নাভিদ শফিউল্লাহ।

সেখানে বৈশ্বিক জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সম্মিলিত অগ্রগতি মূল্যায়নের জন্য সামগ্রিক, অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করার ওপর জোর দেয় বাংলাদেশ।

বক্তব্যে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চল ও দেশের ভিন্ন ভিন্ন জাতীয় বাস্তবতা, অগ্রাধিকার, সক্ষমতা ও প্রত্যাশার যথাযথ প্রতিফলন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ ছাড়া বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চাকাঙ্ক্ষা ও বাস্তবায়ন জোরদারে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। দ্বিতীয় গ্লোবাল স্টকটেক প্রক্রিয়াকে কার্যকর ও ফলপ্রসূ করতে সব দেশের অংশগ্রহণ এবং জাতীয় বাস্তবতার প্রতি সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অনুসরণের আহ্বান জানানো হয়।

কপ৩১-এর এসব আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক জলবায়ু কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে ন্যায্যতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার পক্ষে দেশের অবস্থান তুলে ধরা হয়।