ভারতের বিপক্ষে সেঞ্চুরিতে এলিট ক্লাবে গ্লেন ফিলিপস
গ্লেন ফিলিপস
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে স্মরণীয় পারফরম্যান্স করেছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস। প্রথম দিনে তিনি কেবল দলকে কঠিন অবস্থা থেকে উদ্ধারই করেননি, রোহিত শর্মার সঙ্গে একটি এলিট ক্লাবে নাম লেখান।
৭০ রানে ৫ উইকেট হারিয়ে যখন নিউজিল্যান্ড ধুঁকছিল, তখন ফিলিপস হেনরি নিকলসকে নিয়ে ষষ্ঠ উইকেটে বড় এক জুটি গড়েন। প্রথম সেশনে দাপট দেখানো ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘুরান দুজনে। ফিলিপস থেমেছেন ২১৬ বলে ১১৮ রান করে। আকাশ দীপের বলে থামে তার ১৪ বাউন্ডারিতে সাজানো ইনিংস।
ওয়েলিংটনে এই টেস্ট সেঞ্চুরিতে রোহিতের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ফিলিপস এক পঞ্জিকাবর্ষে একই প্রতিপক্ষের বিপক্ষে তিনটি আন্তর্জাতিক ফরম্যাটেই শতক হাঁকানোর কৃতিত্ব গড়েছেন। চলতি বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেন ফিলিপস। জানুয়ারিতে ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ১০৬ এবং গত মাসে অকল্যান্ডে টি-টোয়েন্টিতে ১০৭ রান করেন তিনি। এবার ওয়েলিংটনে সেঞ্চুরি করে বিরল এক অর্জনের দেখা পেলেন এই ব্যাটার। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটে সেঞ্চুরি করেন রোহিত।
নিউজিল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ফিলিপস। একই প্রতিপক্ষের বিপক্ষে সব ফরম্যাটে সেঞ্চুরি করা নবম ব্যাটার তিনি। এছাড়া সাত নম্বরে নেমে ভারতের বিপক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানও করেছেন ফিলিপস।