নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে ২ শ্রমিক দগ্ধ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
তাদের মধ্যে পাশা (৪০) নামের এক শ্রমিকের শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিত (৪৫) নামের আরেক শ্রমিকের ৫২ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ সময় কারখানার ভেতর ধোঁয়ায় আচ্ছন্ন দেখতে পান তারা। পরে সেখান থেকে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, দগ্ধ অবস্থায় দুই রোগী জাতীয় বার্ন ও প্লস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।