বৃষ্টির অজুহাতে বগুড়ার সবজির বাজারে উত্তাপ, বিপাকে ক্রেতারা
ফাইল ছবি
টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সবজির সরবরাহ কমে যাওয়ার কথা বলে বগুড়ার বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। কোনো কোনো সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। শুধু সবজি নয়, চাল ও আটাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে। ফলে সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।
ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার অজুহাতে ব্যবসায়ীরা প্রায় সব ধরনের সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। তবে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে স্থানীয় হাটবাজারে সবজির সরবরাহ কমেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
শনিবার বগুড়া শহরের ফতেহ আলী বাজার, রাজাবাজার, কলোনি ও খান্দারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। মৌসুমের নতুন বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক দিন আগেও এর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। ২০ টাকার ফুলকপি ও পটল বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে এসব সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।
বাজারে পুরোনো আলু মানভেদে ২০ থেকে ৩০ টাকা এবং নতুন আলু জাতভেদে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম ৪৫ থেকে ৫০ টাকা এবং নতুন পাতাপেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা। কয়েক দিন আগেও ৪০ টাকা কেজির শিম এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ঝিঙা ও চিচিঙ্গা ৬০ টাকা, কাঁচামরিচ ও মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি ও করলার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ টাকায়। এছাড়া গাজর ৮০, শসা ৪০ এবং টমেটো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১২০ থেকে ১৬০ টাকা এবং রসুন ১২০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
ফতেহ আলী বাজারের সবজি ব্যবসায়ী খোকন মিয়া বলেন, কয়েক দিন ধরে বগুড়ার স্থানীয় হাটবাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ কমেছে। মূলত সরবরাহ সংকটের কারণেই দাম বেড়েছে। সরবরাহ স্বাভাবিক হলে সবজির দামও কমতে শুরু করবে।
সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও ঊর্ধ্বগতির চিত্র দেখা গেছে। প্যাকেটজাত আটার দাম বেড়ে প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা হয়েছে। আগে এর দাম ছিল ৫০ টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। সাদা চিনি ১১০ টাকা এবং লাল চিনি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আমন ধান ঘরে তোলার মৌসুম শুরু হলেও বাজারে বেশিরভাগ চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলের মধ্যে এক লিটারের বোতল ২০৫ টাকা, তিন লিটার ৬২০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৫০ থেকে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৭ টাকা পর্যন্ত।
প্রাণিজ আমিষের বাজারেও স্বস্তি নেই। ফার্মের মুরগির ডিমের হালি ৪৪ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা, কক মুরগি ২৭০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছের বাজারে দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা এবং আড়াই থেকে তিন কেজি ওজনের কাতল ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকা এবং শিং মাছ ৩৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
বাজারে সবজি কিনতে আসা আব্দুল খালেক বলেন, কয়েক দিন আগেও সবজির দাম কিছুটা কম ছিল। হঠাৎ করেই আবার দাম বেড়ে গেছে। একই পরিমাণ সবজি কিনতে এখন আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে।