লাল কার্ড দেখার পর রেফারিকে ব্যঙ্গ করে যা বললেন মরিনিয়ো

লাল কার্ড দেখার পর রেফারিকে ব্যঙ্গ করে যা বললেন মরিনিয়ো

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ফেনেরবাচে। তুরস্কের ক্লাবটির বর্তমান কোচ হোসে মরিনিয়ো, ম্যাচে ফেনেরবাচের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেদ, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সাবেক কোচ আবার মরিনিয়ো। সাবেক ক্লাবের বিপক্ষে কেমন খেলে মরিনিয়োর বর্তমান দল তা দেখতে ফুটবল সমর্থকদের আগ্রহ ছিল বেশ। রেড ডেভিলদের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে তুরস্কের ক্লাবটি, তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় মরিনিয়োর লাল কার্ড দেখা।

ইস্তাম্বুলে ফেনেরবাচের বিপক্ষে ম্যাচটিতে গতকাল শুরুতে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। ম্যাচের ১৫ মিনিটেই এরিক টেন হাগের দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ান এরিকসেন। প্রথমার্ধে লিড ধরে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে তা পারেনি রেড ডেভিলরা, দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে মিরিনিয়োর শিষ্যরা।

এদিকে সমতায় ফেরার পরই বাঁধে বিপত্তি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট অতিবাহিত হওয়ার পর পেনাল্টির দাবীকে কেন্দ্র করে রেফারি ক্লেমঁ তুরপিঁর সঙ্গে তর্কে জড়ান মরিনিয়ো। এরই জের ধরে লাল কার্ড দেখে ডাগ আউট ছাড়তে হয় তাকে।

এমন ঘটনা মরিনিয়োর জন্য অবশ্য নতুন নয়। এদিকে ম্যাচ শেষে লাল কার্ড দেখানোয় রেফারিকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছেন পর্তুগীজ এই কোচ। রেফারির দৃষ্টিশক্তি নিয়ে উপহাস করে তিনি বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য এক কথা বলেছেন। বলেছেন, একই সময়ে তিনি বক্সে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন। এমন দৃষ্টিশক্তির জন্য তাকে অভিনন্দন, তিনি অবিশ্বাস্য। ম্যাচের সময়, যেটা প্রায় ১০০ মাইল গতিবেগে চলছিল, তার এক চোখ ছিল পেনাল্টি–পরিস্থিতির ওপর এবং আরেকটি চোখ নজর রেখেছে বেঞ্চে আমার আচার–আচরণে। তিনি আমাকে এই ব্যাখ্যাই দিয়েছেন। তিনি এ কারণেই বিশ্বের অন্যতম সেরা রেফারি।’

ইউরোপা লিগের ম্যাচে গত বছরও ঝামেলায় জড়িয়েছিলেন মরিনিয়ো। তখন তিনি রোমার কোচ ছিলেন, ফাইনালে রেফারির সঙ্গে বাজে আচরণ করায় ইউরোপিয়ান প্রতিযোগীতায় ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এ প্রসঙ্গ টেনে মরিনিয়ো বলেন, ‘আপিল করলে ছয় মাস নিষিদ্ধ হতে পারি। সেভিয়া–রোমা ফাইনালের পর থেকে আর কিছুই করার নেই।’