পাকিস্তানের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ একাধিক তারকা ক্রিকেটার
ছবিঃ সংগৃহিত।
পাকিস্তান ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও টেস্ট দলের সাবেক অধিনায়ক শান মাসুদকে ছাড়াই নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর এই চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ৩৮ জন ক্রিকেটার।
নতুন চুক্তিতে এবার বড় পরিবর্তন এনেছে পিসিবি। এত দিন প্রচলিত ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে খেলোয়াড়দের ভাগ করা হলেও এবার সেই পদ্ধতি থেকে সরে এসেছে বোর্ড। পরিবর্তে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণের জন্য আলাদা এবং যৌথ ক্যাটাগরি তৈরি করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তুলতে রাখা হয়েছে ডেভেলপমেন্ট ক্যাটাগরি।
লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে চুক্তির তালিকা প্রকাশ করেন পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসন ও পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ।
নতুন কাঠামোর ব্যাখ্যায় আকিব জাভেদ জানান, জাতীয় দলের তিন সংস্করণের অন্তত একটিতে নিয়মিত খেলছেন, এমন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে বিবেচনা করা হয়েছে। খেলোয়াড়েরা যাতে নিজেদের নির্দিষ্ট ফরম্যাটে আরও বেশি মনোযোগ দিতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে একটি সংস্করণের চুক্তিতে থাকা মানেই অন্য সংস্করণে খেলার সুযোগ বন্ধ হয়ে যাওয়া নয়।
রিজওয়ানকে চুক্তির বাইরে রাখলেও জাতীয় দলে তাঁর ফেরার পথ বন্ধ হয়নি বলে জানিয়েছেন আকিব। তাঁর মতে, দলের প্রয়োজনে এই অভিজ্ঞ ক্রিকেটারকে আবারও ডাকা হতে পারে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা বা না থাকার সঙ্গে জাতীয় দল নির্বাচনের সরাসরি সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।
নতুন তালিকায় টেস্ট ও ওয়ানডের যৌথ ক্যাটাগরিতে রয়েছেন বাবর আজম ও সালমান আলী আগা। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, হারিস রউফ, ফাহিম আশরাফ, আবরার আহমেদ ও আরাফাত মিনহাস।
শুধু টেস্ট সংস্করণের চুক্তিতে রাখা হয়েছে আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিলকে। টি-টোয়েন্টি ক্যাটাগরিতে রয়েছেন সাতজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাসিম শাহ, শাদাব খান ও সাহিবজাদা ফারহান।
জাতীয় দলের ভবিষ্যৎ শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসেবে ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে ১৯ জন তরুণ ক্রিকেটারকে। এই তালিকায় রয়েছেন পাকিস্তানের পেসার নাসিম শাহর দুই ভাই উবাইদ শাহ ও হুনাইন শাহ।
এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়া মোহাম্মদ তাইয়্যেব আরিফ ও মুহাম্মদ গাজি ঘোরিও পেয়েছেন এই ক্যাটাগরিতে জায়গা।
পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা
টেস্ট ও ওয়ানডে: বাবর আজম, সালমান আলী আগা। শুধু টেস্ট: আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান, সৌদ শাকিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি: আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি। শুধু টি-টোয়েন্টি: হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান, উসমান তারিক। ডেভেলপমেন্ট: আব্দুল সামাদ, আব্দুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলি রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, মুহাম্মদ গাজি ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসেইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।