রাজবাড়ীতে ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

রাজবাড়ীতে ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ব্রিটিশ আমল থেকে চলে আসা রেওয়াজ অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জমিসংক্রান্ত একটি মামলার রায় বাস্তবায়নকালে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাটি দেখতে স্থানীয় উৎসুক মানুষ ভিড় করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন কোর্ট পুলিশ ও সংশ্লিষ্টদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা রায় হওয়া জমির চারপাশে লাল পতাকা টাঙিয়ে দেন। পরে জারিকারক মো. জাহিদ প্রামাণিক উপস্থিত লোকজনের সামনে আদালতের আদেশ পড়ে শোনান। এরপর ঢুলি রতন রবি দাস ঢাকঢোল পিটিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করেন।

আদালত সূত্রে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মৌজার ৫৯৯৩ নম্বর দাগে থাকা ৬৪ শতাংশ জমির মধ্যে ২০ শতাংশ জমির মালিকানা নিয়ে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজবাড়ীর আদালতে ৩৪ নম্বর মামলা দায়ের করা হয়। মামলার বাদী দক্ষিণ দৌলতদিয়া যদু ফকির পাড়ার হাবিব ফকির। বিবাদী একই গ্রামের জিয়া সরদার, আলামিন সরদারসহ অন্যরা। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত বাদীর পক্ষে রায় ঘোষণা করেন। তবে ডিক্রি পাওয়ার পরও বিবাদীদের বাধার কারণে জমির দখল নিতে পারছিলেন না বাদী। পরে জমির দখল বুঝে পেতে সহযোগিতা চেয়ে আদালতে ২০২৬ সালের ১ নম্বর জারি মামলা করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২১ নভেম্বর আদালতের বিচারক বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়ে আদেশ জারি করেন।

জেলা নাজির ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মো. মোফাজ্জল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঘটনাস্থলে এসে রায় বাস্তবায়ন করা হয়েছে। এ সময় কোনো ধরনের বিপত্তি ঘটেনি। তবে বিবাদী পক্ষের কোনো আপত্তি থাকলে তারা উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালতের পক্ষে রায় না পাওয়া পর্যন্ত তারা ওই জমিতে যেতে পারবেন না। জারিকারক জাহিদ প্রামাণিক বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বিবাদী পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার সময় উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা কেউ উপস্থিত ছিলেন না। তাই তাদের বাড়িতে গিয়ে আদালতের রায় পড়ে শোনানো হয়েছে।

ঢুলি রতন রবি দাস বলেন, বাবা ও ঠাকুরদাদার পেশা ধরে রেখে প্রায় ৪০ বছর ধরে ঢুলির কাজ করছেন তিনি। আদালত থেকে তলব করা হলে ঘটনাস্থলে গিয়ে ঢোল পিটিয়ে এ কাজ করেন। এটি তার স্থায়ী চাকরি নয়। ডিক্রিপ্রাপ্ত পক্ষ খুশি হয়ে যা দেন, তা-ই নেন। আদালতের রায় বাস্তবায়নে ঢোল পিটিয়ে ঘোষণা দেওয়ার এই রেওয়াজ ব্রিটিশ আমল থেকে চলে আসছে বলেও জানান তিনি।

মামলার বাদী হাবিব ফকির বলেন, আদালতের রায় বাস্তবায়ন করে জমির দখল বুঝিয়ে দেওয়ায় তিনি আদালতের প্রতি সন্তুষ্ট। বিবাদী পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।