একাত্তরের স্মৃতি গৌরবগাঁথা নিয়ে লন্ডনে মুক্তিযোদ্ধার গ্রন্থ প্রকাশ
সংগৃহীত
লন্ডনে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খানের ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি সেন্টারে এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিইর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের নিউহাম কাউন্সিলের মেয়র ফরহাদ হোসেন।
বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান রচিত ‘দ্য লিবারেশন ওয়ার: মাই প্রাইড’ গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ স্মৃতি, সংগ্রাম এবং বাঙালির আত্মপরিচয়ের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল। আবদুল আজিজ তকির ইংরেজি অনুবাদে প্রকাশিত এই বইটি মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে প্রবাস ও দেশের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রচিত।
বইয়ের মোড়ক উন্মোচন শেষে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এ গ্রন্থটি প্রত্যক্ষদর্শীর প্রামাণ্য দলিল। বইটির লেখক নিজে একজন মুক্তিযোদ্ধা হওয়ায় এতে রণাঙ্গনের বাস্তব অভিজ্ঞতা, ত্যাগ এবং তৎকালীন সংগ্রামের জীবন্ত চিত্র উঠে এসেছে। এটি কেবল ইতিহাসের বিবরণ নয়, বরং একজন যোদ্ধার ব্যক্তিগত উপলব্ধি ও গৌরবগাঁথা।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্ম ও প্রবাসীদের কাছে ইতিহাস পৌঁছে দেওয়া। গ্রন্থটি ইংরেজিতে অনূদিত হওয়ায় যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্ম এবং বিদেশি পাঠকদের জন্য ১৯৭১-এর প্রকৃত ইতিহাস ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জানা সহজ হবে। এই বইটি আত্মপরিচয় ও চেতনার সংরক্ষণ। সময়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যে নানা বিভ্রান্তি তৈরি হয়, একজন সম্মুখযোদ্ধার ব্যক্তিগত স্মৃতিকথা হিসেবে এই গ্রন্থটি সঠিক ও নির্মোহ ইতিহাস সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করে।
সেলিনা শেলীর প্রাণবন্ত উপস্থাপনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবি শামিম আজাদ, টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার আহবাব হোসেন, ক্রয়ডনের সাবেক মেয়র হুমায়ুন কবির, সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী, ডেপুটি স্পিকার কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ। প্রকাশিত এ গ্রন্থের লেখক ফয়জুর রহমান খানের পরিচিতি তুলে ধরেন বাচিকশিল্পী নজরুল ইসলাম অকিব।
মোড়ক উন্মোচন শেষে আলোচনায় অংশ নেন- মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, লেখক ও রাজনীতিবিদ হরমুজ আলী মাস্টার, লেখকের পুত্র আসিফ রহমান খান, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌছ সুলতান, সাবেক কাউন্সিলর মাহমুদুর রহমান খান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, লুৎফুর রহমান সায়েদ, সাবেক কাউন্সিলর ও রাজনীতিবিদ রাজন উদ্দিন জালাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বাছির, মইনুল হক, সৈয়দ এনামুল হক, সাহাবুদ্দিন চঞ্চল, সায়েদ আহমদ সাদ, আমিনুল হক জিলু, গবেষক ডক্টর আনসার আহমেদ উল্লাহ প্রমুখ।