শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

শেয়ারবাজারে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে

ফাইল ছবি

দেশের শেয়ারবাজারে গেল সপ্তাহে অধিকাংশ সূচক ছিল ঊর্ধ্বমুখী। এ সময় বাজারে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বাজার মূলধনও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৩৭২ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৬ লাখ ৬৯ হাজার ৯১৯ কোটি টাকা। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৫২ কোটি ৭২ লাখ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৪ হাজার ৪৩ কোটি ৫৮ লাখ টাকা। এ সময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭১ লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৩২৮ কোটি ৬৮ লাখ টাকা। সে সময় প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৭৩ লাখ টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০৫ পয়েন্টে, ডিএসইএস শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। অপরদিকে, ১৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে এবং ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে- মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার, এনভয় টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাব এবং রানার অটোস।