ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু করার কথা বিবেচনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এমন অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

ফক্স নিউজের বরাতে জানা গেছে, ট্রাম্প বলেছেন, ইরানিরা সব সময় কথা বলে, কিন্তু আলোচনায় কোনো ফল আসে না। তার ভাষায়, ‘তারা শুধু কথাই বলে যায়।’

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ পরীক্ষা করে দেখতে ইরানের তেলবাহী জাহাজগুলো এগিয়ে আসুক, এমনটাই তিনি চান। এ প্রসঙ্গে তিনি বলেন, সেগুলোও সমুদ্রের তলদেশে চলে যাবে, যেমনটা হয়েছে ইরানের নৌবাহিনীর ক্ষেত্রে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ তুলেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। তার অভিযোগ, কার্যকর সরকার পরিচালনার চেয়ে যুদ্ধ চালিয়ে যাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প।

এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সাইয়েদ বলেন, সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেলে এর দায় ডেমোক্র্যাটদের ওপর চাপানো ঠিক হবে না। বরং ট্রাম্পই একটি কার্যকর সরকারের পরিবর্তে যুদ্ধকে বেছে নিচ্ছেন।

সম্ভাব্য সরকারি অচলাবস্থার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করা হতে পারে এমন ধারণাও প্রত্যাখ্যান করেন তিনি।

এল-সাইয়েদ আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সেনাসদস্যদের জীবন রক্ষার চেয়ে যুদ্ধকে বেশি গুরুত্ব দিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ এবং যুদ্ধ ঘোষণার অধিকার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের। কিন্তু ট্রাম্প কার্যত সেই ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন।

সূত্র: আল-জাজিরা