যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের বুকে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় শেরিফ দফ্তর রোববার এ তথ্য জানিয়েছেন।
কাউন্টি শেরিফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুলারে কাউন্টির পাহাড়ি অঞ্চলের ছোট শহর স্ট্র্যাথমোরে এ ঘটনা ঘটে। প্রায় ১৫০ দর্শকের উপস্থিতিতে চলা কনসার্টে অজ্ঞাতসংখ্যক হামলাকারী গুলি চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
গুলিবিদ্ধদের মধ্যে ২৬ বছর বয়সী এক যুবকের বুকে গুলি লাগে। অস্ত্রোপচারের পরও তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এ ছাড়া ১৯ ও ২২ বছর বয়সী আরও দুজনের অস্ত্রোপচার করতে হয়েছে। বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।
কর্তৃপক্ষের ধারণা, এই হামলার সঙ্গে গ্যাং বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রায় তিন হাজার বাসিন্দার শহরটিতে আয়োজিত ওই কনসার্টে পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্য থেকে শিল্পীরা অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে শেরিফের কার্যালয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে ইমেইলে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি আর নেই। সূত্র: আরব নিউজ