কুতুবদিয়ায় এখনো চালু হয়নি সি-ট্রাক, ঝুঁকি নিয়ে পারাপার যাত্রীদের
ছবি: সংগৃহীত
দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াতের জন্য সি-ট্রাক চালুর উদ্যোগ নেওয়া হলেও এখনো বাস্তবায়ন হয়নি সেই প্রত্যাশা। ফলে কুতুবদিয়া-মগনামা নৌপথে যাতায়াতে ডেনিশ বোটের ওপরই নির্ভর করতে হচ্ছে হাজারো যাত্রীকে।
সাম্প্রতিক ঘূর্ণিঝড় আকাভানের প্রভাবে উত্তাল সাগরে ব্যাপক ঢেউয়ের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়েছে যাত্রীদের। এতে আবারও সামনে এসেছে দ্বীপবাসীর দীর্ঘদিনের নিরাপদ নৌযোগাযোগের সংকট।
স্থানীয়দের অভিযোগ, স্বাভাবিক আবহাওয়ায় কোনোভাবে যাতায়াত করা গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নৌপথে পারাপার হয়ে ওঠে আতঙ্কের। বিশেষ করে শিশু, নারী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে ডেনিশ বোটে ব্যাপক ঢেউয়ের মধ্যে যাত্রীদের পারাপার হতে হয়েছে। এ সময় যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা ও
আতঙ্ক তৈরি হয়।
কুতুবদিয়া-মগনামা নৌপথে সি-ট্রাক চালুর বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক আশিকুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কুতুবদিয়া-মগনামা রুটে সি-ট্রাক এসটি জব্বার আমরা পরিচালনা করতে পারছি না খরচের কারণে। এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি। চার্টারের মাধ্যমে এটি পরিচালনার জন্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিসির প্রকাশিত টেন্ডার বিজ্ঞপ্তিতেও কুতুবদিয়া-মগনামা নৌপথে সি-ট্রাক পরিচালনার বিষয়টি উঠে এসেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থাটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার পরিবর্তে চার্টার পদ্ধতিতে সি-ট্রাক পরিচালনার উদ্যোগ নিয়েছে। তবে কবে নাগাদ এই নৌযান চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কুতুবদিয়া কোনো সাধারণ জনপদ নয়, এটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ একটি দ্বীপ উপজেলা। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি-বেসরকারি নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষকে মগনামা-কুতুবদিয়া নৌপথ ব্যবহার করতে হয়। কিন্তু নিরাপদ ও আধুনিক নৌযানের অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের। বিশেষ করে জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
তাদের প্রশ্ন, একটি দ্বীপ উপজেলার মানুষের নিরাপদ যাতায়াত কি কেবল পরিচালন ব্যয়ের হিসাবেই আটকে থাকবে? যাত্রীসেবার পাশাপাশি দুর্যোগকালীন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সি-ট্রাক চালুর দাবি জানিয়েছেন তারা।