গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ১৭টি মেশিন ও ৩ জেনারেটর ধ্বংস
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ১৭টি লিস্টার মেশিন ও তিনটি জেনারেটর ধ্বংস করা হয়েছে। এ ছাড়া বালু পরিবহনে ব্যবহৃত দুটি বাল্কহেড নৌকার ইঞ্জিন বিকল করা হয়।
গত রবিবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটের বালির হাওর, নাইন্দার হাওর, মুকতলা, বাংলাবাজার, নয়াগাঙেরপাড় ও বুধিগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
অভিযানকালে তিনজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দুজনের কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিস বলেন, পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে