বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

বোয়ালখালীতে সাপের কামড়ে ২১ মাসের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর ছেলে।

শিশুটির স্বজনদের বরাতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌমিতা দাশ জানান, রোববার রাতে বাড়ির মাটির ঘরে খেলছিল আবদুল্লাহ। রাত আটটার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দাগ দেখতে পান তাঁরা। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।

সাপের কামড় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রাতে তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে সোমবার সকালে ওসমানের বসতঘর থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমীর হোসাইন শাওন। তিনি জানান, ঘরের ভেতরে একটি গর্তে সাপটি লুকিয়ে ছিল। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সেটি উদ্ধার করা হয়। সাপটি বিষধর পদ্ম গোখরা বলে জানান তিনি।