ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

ময়মনসিংহে ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শুরু

সংগৃহীত

বই পড়াকে উৎসাহিত করতে ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা ২০২৬ মঙ্গলবার শুরু হচ্ছে।

নগরীর টাউন হল চত্বরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এ বিভাগীয় বইমেলায় ৮টি সরকারি ও ৬৫টি বেসরকারি সহ মোট ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

সোমবার দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জন কেনেডি জাম্বিল।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জন কেনেডি জাম্বিল জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে ৯ দিনব্যাপী এ বইমেলা আগামী ২ ডিসেম্বর শেষ হবে। বই মেলার উদ্বোধী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

তিনি জানান, এ বই মেলায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভিন্ন ভিন্ন দিনে ৪ জেলার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এর মধ্যে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কচিকাঁচার উৎসব, রচনা প্রতিযোগিতা, কুইজ ও বির্তক প্রতিযোগিতা এবং স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মাহমুদ হাসান ও আব্দুল হেলিম, জাতীয় গ্রন্থাগারের সহকারি পরিচালক মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।