রাজবাড়ীতে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন
ফাইল ছবি
রাজবাড়ীতে অস্ত্র ও গুলির মামলায় মো. আলম মন্ডল (৪০) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ জাকিয়া পারভিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলম জেলার পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টম্বর ভোর পাঁচটার দিকে পাংশা থানা পুলিশের অভিযানে পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনের কাঁচা রাস্তা থেকে আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
এ ব্যাপারে পাংশা থানার সহকারী উপ পরিদর্শক মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিনের শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, দীর্ঘ শুনানি শেষে আসামি আলম মন্ডলের কাছে অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে আদালত তার যাবজ্জীবন কারাদণ্ড ও গুলি রাখার অপরাধে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।