বগুড়ায় রেনু পোনা ঘিরে কর্মসংস্থান দুই হাজার মানুষের

বগুড়ায় রেনু পোনা ঘিরে কর্মসংস্থান দুই হাজার মানুষের

ছবি: সংগৃহীত

ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কাঁধে পাতিল তুলে ঘর থেকে বেরিয়ে পড়েন রাজ্জাক, খলিল, রইচ, আলতাফ, শহিদুল ও আলীম। পাতিলভর্তি মাছের রেনু পোনা নিয়ে ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কারও গন্তব্য ময়মনসিংহ, কারও ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর কিংবা পার্বতীপুর। কেউ আবার গ্রামের পর গ্রাম ঘুরে পুকুরের পাড়ে পৌঁছে দেন মাছ চাষের নতুন সম্ভাবনা। তাদের কাঁধের পাতিলে শুধু মাছের রেনু পোনা নয়, ভাসে হাজারো পরিবারের স্বপ্ন, জীবিকা আর ঘুরে দাঁড়ানোর গল্প।

একসময় যাদের দিন কাটত অভাব-অনটন আর দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে, অন্যের জমিতে দিনমজুরি করাই ছিল যাঁদের পরিবারের একমাত্র অবলম্বন, আজ তারাই বদলে দিয়েছেন নিজেদের ভাগ্যের চাকা। অল্প পুঁজি, পরিশ্রম আর সাহসকে পুঁজি করে রেনু পোনা বিক্রি ও বহনের পেশায় এসে পেয়েছেন স্বাবলম্বিতার স্বাদ।

কেউ গড়েছেন পাকা বাড়ি, কেউ সন্তানদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেছেন, আবার কেউ সঞ্চিত অর্থ দিয়ে পুকুর ইজারা নিয়ে নিজেই শুরু করেছেন মাছ চাষের ব্যবসা। তাদের এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে বগুড়ার বিস্তৃত মৎস্য ও হ্যাচারি শিল্প।

শুধু কয়েকজন মানুষের ভাগ্যবদল নয়, রেনু পোনাকে ঘিরে বগুড়ার গ্রামীণ অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন গতি। জেলার বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা হ্যাচারি, পোনা উৎপাদন, পরিবহন, বিক্রি ও মাছ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়েছেন হাজারো মানুষ। বিশেষ করে আদমদীঘি উপজেলায় এই খাত ঘিরে তৈরি হয়েছে বড় কর্মসংস্থানের সুযোগ।

উপজেলাটিতে প্রায় দুই হাজার মানুষ সরাসরি রেনু পোনা বহন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের আয় ও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বাবলম্বী হয়েছেন আরও প্রায় ১০ হাজার পরিবারের সদস্য। জাতীয় বাজারে বগুড়ার রেনু পোনার দাপট-জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ক্যাট ফিশ বা পাখনাযুক্ত মাছের রেনু পোনা উৎপাদনে দেশের শীর্ষ অবস্থানে রয়েছে বগুড়া। কই, শিং, মাগুর, টেংরা, গুলশা, পাবদা ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা উৎপাদনে জেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেলায় নিবন্ধিত হ্যাচারির সংখ্যা ১৬৩টি। এসব হ্যাচারিতে বছরে প্রায় ১৩১ মেট্রিকটন ক্যাট ফিশের রেনু পোনা এবং ২২ কোটি তেলাপিয়া মাছের রেনু পোনা উৎপাদিত হয় বলে মৎস্য বিভাগের তথ্যে উল্লেখ রয়েছে। উৎপাদিত এসব পোনা জেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

আদমদীঘি উপজেলা বগুড়ার মৎস্য অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র। বিশেষ করে সান্তাহার ও আশপাশের এলাকায় গড়ে ওঠা ছোট-বড় হ্যাচারিগুলোকে ঘিরে তৈরি হয়েছে বিস্তৃত ব্যবসায়িক নেটওয়ার্ক। এসব হ্যাচারি থেকে উৎপাদিত রেনু পোনা দেশের বিভিন্ন জেলার মাছচাষিদের কাছে পৌঁছে দিচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্ষুদ্র বিক্রেতারা। তাদের অনেকেই কাঁধে কিংবা হাতে পাতিল নিয়ে ছুটে বেড়ান এক উপজেলা থেকে অন্য উপজেলা, এক জেলা থেকে অন্য জেলায়। এভাবেই বগুড়ার রেনু পোনা ছড়িয়ে পড়ছে দেশের মৎস্য খামারগুলোতে।

পাতিলের ব্যবসায় বদলে গেছে জীবনের গল্প-আদমদীঘি উপজেলার রেনু পোনা ব্যবসায়ী রাজ্জাক বলেন, একসময় দিনমজুরি করে সংসার চালাতে হতো। কাজ না পেলে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়তে হতো। এখন নিজের কাজ করি। প্রতিদিন যা আয় হয়, তাতে সংসার ভালোভাবেই চলে। ছেলেমেয়েদের পড়াশোনাও করাতে পারছি।

তিনি বলেন, কই, শিং, মাগুর, টেংরা, গুলশা, পাবদা ও পাঙ্গাস মাছের রেনু পোনা প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। হ্যাচারিকে ঘিরে তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দুয়ার-মৎস্য ব্যবসায়ী ও হ্যাচারি মালিক বেলাল হোসেন সরদার বলেন, আদমদীঘির হ্যাচারিগুলোকে কেন্দ্র করে শত শত শিক্ষিত বেকার যুবক কর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন। কেউ হ্যাচারিতে কাজ করছেন, কেউ রেনু পোনা পরিবহন ও বিক্রি করছেন, আবার কেউ নিজেরাই মাছ চাষে যুক্ত হয়েছেন। এভাবে একটি শিল্পকে ঘিরে বহু পরিবারের জীবনে আর্থিক স্বচ্ছলতা এসেছে।

তিনি আরও বলেন, রেনু পোনার চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। উৎপাদিত পোনা দ্রুত ও সঠিকভাবে ক্রেতার কাছে পৌঁছে দিতে পারলে এই ব্যবসার আরও প্রসার ঘটবে। বগুড়ায় পরিকল্পিতভাবে রেনু পোনা বিপণনব্যবস্থা গড়ে তোলা গেলে উৎপাদক, ব্যবসায়ী ও মাছচাষি সবাই লাভবান হবেন।

রেনু পোনা বিক্রির হাব ও ডায়াগনস্টিক ল্যাবের দাবি-

বগুড়ার মৎস্য খাতের এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে জেলাটিকে রেনু পোনা বিক্রির একটি আধুনিক হাব বা কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমানে জেলার বিভিন্ন হ্যাচারি থেকে আলাদাভাবে রেনু পোনা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী ও মাছচাষিরা। একটি কেন্দ্রীয় বিপণন হাব প্রতিষ্ঠা করা গেলে দেশের বিভিন্ন জেলার ক্রেতারা একই জায়গায়
এসে সহজেই বিভিন্ন প্রজাতির মানসম্মত রেনু পোনা সংগ্রহ করতে পারবেন।

এতে পোনা কেনাবেচায় মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানো, বাজারদর সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি এবং উৎপাদক ও ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

পাশাপাশি উৎপাদিত পোনার মান নিয়ন্ত্রণ, পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাও সহজ হবে। এর ফলে বগুড়ার হ্যাচারি শিল্প আরও স¤প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তবে মাছের উৎপাদন বাড়াতে শুধু উন্নতমানের রেনু পোনা উৎপাদনই যথেষ্ট নয়, মাছের রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসার ব্যবস্থাও জরুরি। এ জন্য বগুড়ায় আধুনিক মৎস্য ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ধরনের ল্যাব চালু হলে মাছচাষিরা সহজেই মাছের রোগ শনাক্ত করতে পারবেন।

বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান সরকার বলেন, বগুড়ায় রেনু পোনা উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জেলাকে রেনু পোনা বিক্রির হাব হিসেবে গড়ে তোলা গেলে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও মৎস্যচাষিরা উভয়ই উপকৃত হবেন। তাঁরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং দেশের বিভিন্ন অঞ্চলের মাছচাষিরাও সহজে মানসম্মত পোনা সংগ্রহ করতে পারবেন।

তিনি আরও বলেন, বগুড়ার রেনু পোনা দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে। অনেকে পাতিলে করে নিজেরাই বিভিন্ন এলাকায় গিয়ে পোনা বিক্রি করছেন। আবার বিভিন্ন জেলার ব্যবসায়ী ও মাছচাষিরা সরাসরি হ্যাচারি থেকে পোনা কিনে নিয়ে যাচ্ছেন। এই খাতকে আরও এগিয়ে নিতে একটি আধুনিক ডায়াগনস্টিক ল্যাব প্রতিষ্ঠা করা প্রয়োজন। এতে মাছের রোগ সহজে নির্ণয় করা সম্ভব হবে।