ব্রাহ্মণবাড়িয়ায় মাছিহাতা ইউনিয়নকে নতুন উপজেলায় যুক্তের প্রতিবাদে রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় মাছিহাতা ইউনিয়নকে নতুন উপজেলায় যুক্তের প্রতিবাদে রেলপথ অবরোধ

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশনে এ অবরোধ চলে। এতে এক ঘণ্টা ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ থাকে। আটকা পড়ে মহানগর প্রভাতী ও কালনী এক্সপ্রেস ট্রেন। ফলে যাত্রীদের যাত্রা বিলম্বিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামকে আলাদা করে বরিশল নামে নতুন ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এবার ওই ইউনিয়নকে উপজেলা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এ প্রেক্ষাপটে সদর উপজেলার মাছিহাতাসহ তিনটি ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঘাচং রেলওয়ে স্টেশনসংলগ্ন বাজার মাঠে প্রতিবাদ সমাবেশ করেন মাছিহাতা ইউনিয়নের বাসিন্দারা। স্থানীয় বিএনপির নেতারা এতে নেতৃত্ব দেন। সমাবেশ শেষে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ লোকজন রেলপথ অবরোধ করেন। এতে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস পাঘাচং রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পাঘাচং গ্রামের বাসিন্দা নুরুল হুদা সরকার, মাছিহাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সদর উপজেলার মাছিহাতা, বাসুদেব ও সুলতানপুর ইউনিয়নকে প্রস্তাবিত বরিশল উপজেলায় যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি যাচাইয়ের জন্য জেলা প্রশাসনের কাছে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। তবে এ উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মাছিহাতা ইউনিয়নকে বরিশলে যুক্ত করার সিদ্ধান্ত থেকে সরে না এলে আন্দোলন আরও দীর্ঘায়িত করার হুঁশিয়ারি দেন তাঁরা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, অবরোধকারীরা রেললাইন থেকে সরে যাওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে একই দাবিতে গত ৮ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামেলের নির্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে। এরপর অবরোধ তুলে নেন এলাকাবাসী।