শাবিপ্রবি শিক্ষার্থীদের তৈরি ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করলেন উপাচার্য

শাবিপ্রবি শিক্ষার্থীদের তৈরি ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করলেন উপাচার্য

সংগৃহীত

শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে টিউশন সেবা পৌঁছে দিতে ‌‘টিউশন অ্যাপ’ চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। অ্যাপটি চালু করার পর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের তৈরি ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, মহাবিদ্যালয় পরিদর্শক মো. ইউনুস আলী, প্রধান প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি টিউশন অ্যাপটির সাফল্য কামনা করছি। তোমরা এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দাও। ছাত্রদের কষ্টের টাকায় যেন আর কেউ ভাগ বসাতে না পারে। আমাদের দেশটা অ্যানালগ। আমরা সত্যিকার অর্থে দেশটাকে ডিজিটাল করতে চাই। টিউশনি করলে জেনারেল নলেজ বাড়ে, তবে দুইটা টিউশনির বেশি করবা না।

তিনি আরও বলেন, টিউশনিটা নেশার পর্যায়ে নেওয়া যাবে না। তোমরা যারা দেশটাকে নেতৃত্ব দেবে, তাদের প্রধান কাজ লেখাপড়া করা।

শিক্ষার্থীরা বলেন, এটা একটা ভালো উদ্যোগ। কেননা সিলেটে টিউশন নিতে অনেক সময় মিডিয়ার দারস্থ হয়ে প্রতারণার শিকার হতে হয়। আশা করি এখন থেকে আমরা ‘টিউশন অ্যাপ’ থেকে বিনামূল্যে টিউশন নিতে পারবো।