এলাকা দখলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রতিবন্ধী নারী নিহত

এলাকা দখলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে প্রতিবন্ধী নারী নিহত

ছবি : প্রতীকি

কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ফরিদা ইয়াসমিন ছৈয়দা (৩৩) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। 

বুধবার রাত ৩টার দিকে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

নিহত ছৈয়দা ওই এলাকার মৃত ছৈয়দ আহমদের মেয়ে। 

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী দল এলাকা দখল নিতে গভীর রাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তাদের ছোড়া গুলিতে বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ হন ছৈয়দা। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন, আওয়ামী সন্ত্রাসী রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক অস্ত্র নিয়ে এসে গুলি করে। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার বোন প্রতিবন্ধী ছিল। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. রাশেদ কামাল। 

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইছার হামিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সংগ্রহ করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।