ভালুকায় ভিমরুলের কামড়ে শিশু নিহত, মাসহ আহত ৫
ছবি : প্রতীকি
ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৪) নামে এক শিশু ছেলে নিহত হয়েছে। এ ছাড়া তার মাসহ আহত হয়েছে আরও পাঁচজন।বুধবার দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তুহিন তালুটিয়া গ্রামের আশ্রাফুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে গিয়ে পাতার নিচে থাকা ভিমরুলের বাসা থেকে এক ঝাঁক ভিমরুলের কামড়ে হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০), শিশু ছেলে নাফির (৫), জামানের শিশু ছেলে সাইফ (৬), আশ্রাফুলের স্ত্রী লাইলী বেগম (৩০) ও তার শিশু ছেলে তুহিন (৬) ও হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) আহত হয়।
পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তুহিনকে মৃত ঘোষণা করে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, তুহিন নামে এক শিশু ভিমরুলের কামড়ে নিহত হয়েছে, এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।