বরিশালে ২২২ টি কচ্ছপসহ আটক ২
ছবিঃ সংগৃহীত।
বিআরটিসির যাত্রীবাহী বাসে পাচারের সময় বরিশালে চার বস্তায় ভর্তি ২২২ টি কচ্ছপ উদ্ধার করেছে র্যাব। এ সময় বাসের সুপারভাইজার ও চালকের সহকারীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র্যাবের উপ-অধিনায়ক মেজর মো. সোহেল রানা।
আটককৃতরা হলো বাসের সুপাভাইজার ভোলা সদর থানাধীন দক্ষিন বালিয়া এলাকার বাসিন্দা মোঃ ফয়সাল (২৭) ও বাসের হেলপার (সহকারী) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন চর হোগল বুনিয়া এলাকার বাসিন্দা মোঃ সজিব শেখ (২৬) আটক করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মো. মেজর মাসুদ রানা জানান, ভোলা থেকে খুলনায় পাচারের উদ্দেশ্যে বিআরটিসির বাসে রওনা দেয়। গোপনে এ খবর পেয়ে তাদের একটি দল বরিশাল-ভোলা আঞ্চলিক মহাসড়কের লাহারহাট ফেরিঘাট এলাকায় অবস্থান নেন। বাসটি আসার পর অভিযান চালিয়ে কচ্ছপ উদ্ধার করা হয়। এছাড়াও বাসের চালকের সহকারী (হেলপার) ও সুপারভাইজারকে আটক করা হয়।
মেজর সোহেল রানা বলেন, উদ্ধার করা কচ্ছপ ও আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা মো. আবু সুফিয়ান বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন সংরক্ষন ও নিরাপত্তা আইনে বন আদালতে মামলা করা হবে।
আটককৃতদের বরিশাল মহানগর পুলিশের বন্দর থানায় সোপর্দ করা হবে। উদ্ধার করা কচ্ছপ আদালতের নির্দেশনা অনুযায়ী অবমুক্ত করা হবে বলে জানান তিনি।