আলিম শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শেষ সময় ২৬ নভেম্বর

আলিম শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে শেষ সময় ২৬ নভেম্বর

ফাইল ছবি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, দেশের সংশ্লিষ্ট সব আলিম পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে একাদশ শ্রেণির ভর্তি ওয়েবসাইটের (https://xiclassadmission.gov.bd) লগইন প্যানেলে মাদ্রাসার ইআইআইএন (EIIN) নম্বর ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এরপর আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে পাঠানোর যাবতীয় কাজ শেষ করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো মাদ্রাসা অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে সৃষ্ট কোনো জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। পাশাপাশি, নির্ধারিত তারিখের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।