এবার নিউক্যাসলের কাছে আর্সেনালের হার
সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম সাত ম্যাচেই অপরাজিত ছিল আর্সেনাল। তবে গানাররা পারফর্ম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ফলে সবশেষ তিন ম্যাচের মধ্যে দুইটিতেই হেরেছে মিকেল আর্তেতার দল যার সবশেষটি এসেছে গতকাল নিউক্যাসলের মাঠে। একই সঙ্গে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি ড্র করায় শিরোপার দৌড়ে কঠিন অবস্থায় দলটি।
নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্ক যেন আর্সেনালের জন্য হয়ে ওঠেছে দুর্ভেদ্য। এর আগে প্রতিপক্ষের এই মাঠে ১৯ ম্যাচের মধ্যে ১০টিতেই জিতেছিল গানাররা, বাকি ৯ ম্যাচের মধ্যে হেরেছিল ২টিতে, বাকি ৭টি হয়েছিল ড্র। গত মৌসুমেও লিগে নিউক্যাসলের মাঠে হেরেছিল আর্সেনাল, এবারও হারল একই ব্যবধানে।
চোট কাটিয়ে নিউক্যাসলের বিপক্ষে এই ম্যাচ দিয়েই মাঠে ফ্রেছেন গ্যাব্রিয়েল। তবে তাঁর ফেরার দিনেও জয়ের দেখা পায়নি গানাররা। ম্যাচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে আর্তেতার শিষ্যরা।
দ্বাদশ মিনিটে গ্যাব্রিয়েল আর সালিবা জুটির মাঝে থেকে লাফিয়ে ওঠে দুর্দান্ত এক হেডারে লক্ষ্যভেদ করেন নিউক্যাসলের সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার ইসাক। অ্যান্থনি গর্ডনের ক্রস থেকে হেড করে গোলটি করেন ইসাক। তাঁর করা এই একমাত্র গোলটিই পরে ম্যাচের জয়-পরাজয়ের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
প্রতিপক্ষের মাঠে এই ম্যাচে তেমন দাপুটে পারফর্ম্যান্স দেখাতে পারেনি আর্সেনাল ফুটবলাররা। ৬৪ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেছিল আর্তেতার শিষ্যরা, তবে নিউক্যাসলের রক্ষণের দেয়াল ভাঙতে ব্যর্থ হয়েছে দলটি। অধিকাংশ সময় বল দখলে রেখেও লক্ষ্যে শট নিতে পেরেছে কেবল ১টি। ওদিকে ৩৬ শতাংশ সময় বল দখলে রেখেও নিউক্যাসল লক্ষ্যে শট নিয়েছে ৪টি।
শেষ পর্যন্ত গোল না পাওয়ায় ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে গানারদের। একই দিনে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। তবে ব্রাইটনের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। ফলে লিগ টেবিলে চারে নেমে গেছে আর্সেনাল, শীর্ষে লিভারপুল আর দুইয়ে ম্যানসিটি। ১০ ম্যাচ শেষে লিভারপুল, ম্যানসিটি ও আর্সেনালের পয়েন্ট যথাক্রমে ২৫, ২৩ ও ১৮।