কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

কুমিল্লায় ডাকাতের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।শনিবার (২ নভেম্বর) রাতে আবিদপুর উত্তর পাড়া পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত হানা দেয়। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করে। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতদল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও সে সময় রফিককে খুঁজে পায়নি গ্রামবাসী। রোববার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের মরদেহ উদ্ধার করে। ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয় বলে স্থানীয়দের ধারণা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর বিষয়ে তদন্ত করা হচ্ছে।