আগামীকাল থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক
ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আগামী ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেছেন, নেতাকর্মীদের দায়িত্ব পালনে কোনো ধরনের ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে বহিষ্কারও করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। বিগত ১৭ বছর এবং ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, সেভাবেই জনগণের জানমাল রক্ষায় পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে, সবার আগে দেশ, এরপর দল। কোন উপজেলায় কে কী করছেন, তার সব খবরই দলের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিষয়ে বিএনপির কোনো আপস নেই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির আলমগীর হোসেন সরকার ও কচুয়া উপজেলা বিএনপির খায়রুল আবেদিন স্বপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।