৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াত আমিরের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শন ও সভা

৫ ডিসেম্বর সাতক্ষীরায় জামায়াত আমিরের জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি, মাঠ পরিদর্শন ও সভা

ছবি: সংগৃহীত

আগামী ৫ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন ও জনসভা সফল করতে জেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রস্তুতি চলছে। জনসভা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে তোরণ নির্মাণের পাশাপাশি সভাস্থল সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে চলছে প্যান্ডেল তৈরির কাজ।

প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে নেতৃবৃন্দ জনসভাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা মাঠের পরিবেশ, প্যান্ডেল নির্মাণ, প্রবেশ ও প্রস্থানের পথ এবং জনসমাগম ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট আবু তালেব এবং নাসির উদ্দিন খানসহ অন্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ৫ ডিসেম্বরের কর্মসূচি সফল করতে দল ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ওই দিন সকালে নারীদের সমাবেশ এবং দুপুর ২টায় পুরুষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

তিনি আরও বলেন, সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে দেড় থেকে দুই লাখ মানুষের সমাগম হবে বলে তাঁরা আশা করছেন। কর্মসূচিতে সাতক্ষীরার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য এবং আশপাশের এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে জনসভা উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াত কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াত। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান।

সভায় প্রধান অতিথি ৫ ডিসেম্বরের কর্মসূচি সফল করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সাংগঠনিক প্রস্তুতি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সভাপতি মাওলানা জাকির হোসেন প্রতিটি ওয়ার্ডে গণসংযোগ ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শাহীনুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আলী আহসান আল মুজাহিদসহ ইউনিয়ন টিমের সদস্য এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। সভায় কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন উপকমিটি গঠন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।