চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু, আইসিইউতে স্বামী

চট্টগ্রামে বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু, আইসিইউতে স্বামী

প্রতিকি ছবি

 

চট্টগ্রাম নগরের বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকায় বিস্ফোরণে দগ্ধ হওয়ার তিন দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদা বেগম (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। বিস্ফোরণে তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

একই ঘটনায় দগ্ধ রাশেদার দুই বছর বয়সী মেয়ে আরিফা ও স্বামী আরিফ (২৭) চমেক হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছে। শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ নিয়ে যন্ত্রণায় কাতর শিশুটি বারবার মাকে খুঁজছে। তবে তার মা যে আর বেঁচে নেই, তা সে জানে না।

রাশেদার স্বামী আরিফের চিকিৎসা চলছে আইসিইউতে। তার শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে নিউমুরিং আবাসিক এলাকার সাত নম্বর সড়কের একটি ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাশেদা, তার স্বামী আরিফ ও মেয়ে আরিফাসহ তিনজন দগ্ধ হন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।