কুতুবদিয়ায় বিয়ের দিনে তরুণীর মরদেহ উদ্ধার

কুতুবদিয়ায় বিয়ের দিনে তরুণীর মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

কক্সবাজারের কুতুবদিয়ায় বিয়ের দিনেই আখি আক্তার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বড়ঘোপ ইউনিয়নের আজম কলোনির নয়াপাড়ায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আখি আক্তার ওই এলাকার দিদারুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ ঘরে ওড়না পেঁচানো অবস্থায় আখি আক্তারকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে, দ্রুত তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের তথ্যানুযায়ী, প্রায় দুই মাস আগে তার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল এবং শুক্রবারই বিয়ের দিন নির্ধারিত ছিল।

খবর পেয়ে কুতুবদিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে, আত্মহত্যা কি না কিংবা প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর হক।