খাগড়াছড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত
খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকালে শহরের টাউন হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
বক্তারা নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক অবস্থানে থেকে সন্ত্রাসীদের মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তারা। পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলেও সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।