ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

ইউক্রেনের ‘ভাল্লুকের ফাঁদ’, বাড়ছে রুশ সেনাদের প্রাণহানি

সংগৃহীত

রাশিয়ার সঙ্গে যুদ্ধের ময়দানে নতুন কৌশল প্রয়োগ করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ‘অপারেশন বিয়ার ট্র্যাপ’ নামে বিশেষ অভিযানে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের কয়েক শ বর্গকিলোমিটার এলাকা রুশ সেনাদের দখলমুক্ত করার দাবি করেছে কিয়েভ। অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, রাশিয়ার সেনা হতাহতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর ইউক্রেনের নতুন সামরিক অভিযানের বিস্তারিত সামনে আসে। চলতি বছরে এটি ছিল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চতুর্থ বড় ধরনের অভিযান। এর প্রায় এক মাস আগে রাশিয়া দাবি করেছিল, সীমান্তবর্তী ভেলিকি বুরলুক শহরের কাছে একটি এলাকায় তারা প্রায় ২ হাজার ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলেছে।

পরিস্থিতি বুঝতে পেরে ইউক্রেনের সামরিক কমান্ডাররা সেনাদের ঘেরাওয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে ‘অপারেশন বিয়ার ট্র্যাপ’ শুরু করেন। এ অভিযানে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, গোপনীয়তা বজায় রাখা এবং একাধিক দিক থেকে আক্রমণের কৌশল নেওয়া হয়।

অভিযানের শুরুতে ইউক্রেনের সেনারা রাশিয়ার তৈরি টি-৮০ এবং যুক্তরাষ্ট্রের তৈরি এম-১ আব্রামস ট্যাংক ব্যবহার করে সীমান্তবর্তী ভিলহুভাতকা শহরে হামলা চালান। এতে রুশ বাহিনী ধারণা করে, ইউক্রেনের মূল আক্রমণ ওই দিক থেকেই আসবে। তবে প্রকৃতপক্ষে ইউক্রেনীয় সেনারা পেছন দিক থেকে রুশ সেনাদের শক্তিবৃদ্ধির জন্য আসা বাহিনীর ওপর হামলা চালান। পাশাপাশি ড্রোনের সাহায্যে রুশ সেনাদের রসদ সরবরাহের পথেও মাইন পেতে রাখা হয়।

ইউক্রেনের সামরিক কমান্ডের দাবি, এ অভিযানে এখন পর্যন্ত ২০০ বর্গকিলোমিটার এলাকা এবং ১৪টি বসতি রুশ দখলমুক্ত করা হয়েছে। অভিযান এখনো চলমান। যদিও খারকিভের সীমান্তবর্তী অন্তত চারটি গ্রাম এখনো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে প্রায় ৫০০ বর্গকিলোমিটার এলাকা দখলের রুশ পরিকল্পনা ব্যর্থ হয়েছে।

এর আগে চলতি বছর পূর্বাঞ্চলীয় দোনেৎস্কের স্লোভিয়ানস্ক, ক্রামাতোরস্ক ও দ্রুজকিভকার প্রতিরক্ষাবলয় ঘিরে ফেলার রুশ প্রচেষ্টাও ব্যর্থ করে দিয়েছিল ইউক্রেন। সে সময় ‘অপারেশন ভিভালদি’ পরিচালনা করে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামানো হয়।

এদিকে যুদ্ধের পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলে তাদের সেনারা সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রেখেছেন। রুশ বাহিনীর হামলা প্রতিহত করার পাশাপাশি তাদের সামরিক যান ধ্বংস করা হচ্ছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, ২৪ নভেম্বর পর্যন্ত যুদ্ধে রাশিয়ার মোট সেনা হতাহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনে। পরদিন নভেম্বর মাসে রুশ সেনা হতাহতের সংখ্যা ৫৫ হাজার ৬২৯ জনে পৌঁছায়, যা এক মাসে সর্বোচ্চ বলে দাবি করেছে কিয়েভ।