গ্রেফতার আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তের আগুন
ছবিঃ সংগৃহিত।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিন মোল্লার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন বাড়েন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা ও মহানগরীর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইজুউদ্দিন মোল্লাকে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর একদিন পর শনিবার সকাল ৬টার দিকে একদল দুর্বৃত্ত বাড়েন্ডা এলাকায় তার বাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তে আগুন তার বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। পরিবারের দাবি, ঘর অগ্নিসংযোগ করার আগে লুটপাট করেছে দুর্বৃত্তরা।
গাজীপুরের কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফুল হক বলেন, শনিবার সকাল ৭টার দিকে বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। বাড়ির বাসিন্দাদের দাবি, দুর্বৃত্তরা বাড়িটিতে আগুন দিয়েছে, একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।