রাজশাহীতে ২৫০ শিশুর অংশগ্রহণে জীবন দক্ষতা শিক্ষাবিষয়ক বুট ক্যাম্প
ছবি: সংগৃহীত
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর তাদের আত্মবিশ্বাসী, সচেতন ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন ছোটবেলা থেকেই জীবনমুখী শিক্ষা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, দৈনন্দিন জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া, কার্যকর যোগাযোগ, আবেগ নিয়ন্ত্রণ, অন্যের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার দক্ষতাও শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়। এ লক্ষ্য সামনে রেখে রাজশাহীতে ৯ থেকে ১১ বছর বয়সী ২৫০ শিশুর অংশগ্রহণে আয়োজন করা হয়েছে জীবনদক্ষতা শিক্ষা বিষয়ক বুট ক্যাম্প।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এডিপির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কর্মসূচিতে শিশুদের জন্য ছিল ১০টি বুথে হাতে-কলমে শেখা, অংশগ্রহণমূলক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা।
শনিবার নগরীর রাজপাড়া এলাকায় রাজশাহী কোর্ট একাডেমিতে এ বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ১০টি বুথে ২৫ জন করে মোট ২৫০ জন শিশু অংশগ্রহণ করে। সকাল ৮টায় শিশুদের নিবন্ধন ও আসন গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্য, উদ্বোধনী ঘোষণা ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরা হয়। সকাল সোয় ৯টা থেকে শুরু হয় বুথভিত্তিক জীবনদক্ষতা বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা।
বুট ক্যাম্পে শিশুদের জীবনদক্ষতা ও আত্মসচেতনতা, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর যোগাযোগ, আন্তব্যক্তিক সম্পর্ক ও আবেগ নিয়ন্ত্রণ, সমস্যা সমাধান এবং শিশু অধিকার ও সহমর্মিতা- এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি বুথে শিশুদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন বিষয় সহজ ও আনন্দদায়কভাবে উপস্থাপন করা হয়। এর মাধ্যমে শিশুদের নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরিতে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানার থানা শিক্ষা অফিসার রবিউল ইসলাম এবং কোর্ট একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এডিপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। পরে জীবন দক্ষতা শিক্ষা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নীলু বেগম ও প্রোগ্রাম অফিসার রিপন হালদার।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন মোহনা সংমা, অর্জুন রায়, আব্রাহাম, সুবাস মন্ডল, মার্সিয়া, জুই কস্তা ও ফিলিপ।