৮৭ হুথি যোদ্ধা ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেনের
সংগৃহীত
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ৭৭৯টি সামরিক অভিযান চালিয়ে ৮৭ কমান্ডার ও যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এসব অভিযানে হুথিদের ৬৩টি সামরিক যান ও অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে তারা।
শনিবার (২৮ নভেম্বর) ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নুজাইলি এসব তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রণাঙ্গনে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এতে হুথি গোষ্ঠীর ৮৭ কমান্ডার ও যোদ্ধা নিষ্ক্রিয় হয়েছেন।
তবে নিষ্ক্রিয় হওয়া ব্যক্তিদের মধ্যে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন, তা স্পষ্ট করেননি তিনি।
এদিকে, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে ক্ষেপণাস্ত্র, মর্টার ও ড্রোন হামলা চালিয়ে হুথিরা ১১ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন আল-নুজাইলি। এসব হামলায় শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় লাহজ প্রদেশে ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টারের আঘাতে দুই কিশোরী আহত হয়েছে। আল-দালেহ প্রদেশে হুথি স্নাইপারের গুলিতে আহত হয়েছেন আরও এক বেসামরিক নাগরিক।
তবে ইয়েমেনের সেনাবাহিনীর এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি হুথি বিদ্রোহীরা।
২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন। ওই বছর হুথি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা ও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে নেয়। এরপর থেকেই দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে।
২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দেশটিতে হস্তক্ষেপ করে। এর ফলে সংঘাত আরও দীর্ঘস্থায়ী হয় এবং দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়।
২০২২ সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও তা ভেঙে পড়ার পর গত জুলাইয়ে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত বেড়ে যায়।
তথ্যসূত্র: আনাদোলু