ঢাবি শিবিরের উদ্যোগে ‘কেফিয়াহ মার্চ’ আয়োজিত

ঢাবি শিবিরের উদ্যোগে ‘কেফিয়াহ মার্চ’ আয়োজিত

ছবিঃ সংগৃহিত।

বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘কেফিয়াহ মার্চ’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টিএসসি থেকে মিছিলটি শুরু হয়। এটি ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে আবার ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া প্রদক্ষিণ করে ডাকসুর সামনে এসে শেষ হয়।

মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি আবু সাদিক কায়েম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারত, এই দুই দেশেই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, যা বন্ধ করতে হবে। তিনি ঢাকাকে বিশ্বের জন্য একটি "সলিডারিটি হাব হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রয়েছে এবং তা আদায়ে প্রয়োজনে তাঁরা জীবন দিতেও প্রস্তুত।

বিশেষ অতিথি সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মুহা. মহিউদ্দিন খান ফিলিস্তিনের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি কাজী আশিক।