নরসিংদীতে ভারতীয় প্রসাধনী ও ঔষধসহ আটক ১
ছবিঃ সংগৃহীত।
নরসিংদীর রায়পুরায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় প্রসাধনী ও ওষুধ জাতীয় বিভিন্ন পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মো. সাদেক (৪৫) নামে কাভার্ডভ্যান চালকের এক সহযোগীকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন পণ্যের আনুমানিক মূল্য কোটি টাকা। সোমবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন।
এর আগে, রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়পুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে কাভার্ডভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত চালকের সহযোগী সাদেক সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের মিয়ার ছেলে। তার বাবাও পেশায় একজন ড্রাইভার।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন জানান, রবিবার রাত সাড়ে ১১টা দিকে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শিবপুর উপজেলার মুনসেফেরচর এলাকার ইটাখোলা মোড়ে অবস্থান করছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সিলেট থেকে একটি কাভার্ডভ্যান বিপুল সংখ্যক ভারতীয় প্রসাধনী সামগ্রী কর ও শুল্ক ফাঁকি দিয়ে ঢাকা-সিলেট মহসড়ক হয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম ভৈরবের দিকে এগিয়ে যেতে থাকে। ডিবি পুলিশের টিম রায়পুরা উপজেলার নারায়নপুরের লাল মিয়ার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে একটি কাভার্ডভ্যানকে ফিলিং স্টেশনে দাঁড়ানো দেখতে পায়। এসময় কাভার্ডভ্যানের ভেতরে কী আছে, চালককে জিজ্ঞাস করলে সে দৌড়ে পালিয়ে যায়।
পরে চালকের সহযোগী সাদেকসহ আটক করা হয়। এসময় কার্ভাডভ্যানটির পেছনের ঢালা খুলে শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে কাভার্ডভ্যানসহ তাকে নরসিংদী ডিবি পুলিশ কার্যালয়ে নিয়ে আসা হয়।
আটককৃত ভারতীয় এসকল প্রসাধনী সামগ্রী ও পণ্যের কাভার্ডভ্যানসহ আনুমানিক মূল্য এক কোটি টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।