ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

ইঁদুর মারার বিষ খেয়ে ২ শিশুর মৃত্যু

ছবি : প্রতীকি

ঝালকাঠির নলছিটি উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকার কামাল হাওলাদারের মেয়ে লামিয়া আক্তার (৪) ও রানা হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, বুধবার দুপুরে দুইজন বাহিরে খেলা করছিল। এ সময় তারা ইঁদুর মারার ওষুধ দেখতে পেয়ে এক পর্যায়ে খেয়ে ফেলে। পরে বিষয়টি আমার পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।