যৌথবাহিনীর অভিযানে আড়াইহাজারে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

যৌথবাহিনীর অভিযানে আড়াইহাজারে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ মো. আবুল কাসেম নামে ১ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।  বৃহস্পতিবার ভোরে উপজেলার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মো. আবুল কাসেম গোপালদী পৌরসভার ইসলামপুর গ্রামের মোতালেবের ছেলে। পরে অভিযান চালিয়ে ৮ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

সূত্রে জানা গেছে, উপজেলার জালাকান্দি এলাকায় প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে থাকে। ডাকাতি রোধে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যৌথবাহিনী জালাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জালাকান্দি এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহনে ডাকাতির করার সময় যৌথবাহিনী হাতে-নাতে এক ডাকাতকে আটক করে। পরে যৌথবাহিনীর সদস্যরা ডাকাত আবুল কাসেমের কাছ থেকে ২টি বড় দা, ১টি বড় সাবল, ১টি কাটার, বিভিন্ন ধরনের মাদক ও কিছু বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। যৌথবাহিনীর সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া ডাকাত দলের দুইজনের নাম শনাক্ত করে।

তারা হলেন জালাকান্দি এলাকার আবদুর রহিম, কাঁচপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী রাসেলসহ অজ্ঞাতনামা আরো তিন জন। এদিকে যৌথবাহিনী ব্যাপক তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে জালাকান্দি রাস্তার পাশে ঝোপ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করে। 

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আটককৃত ডাকাতকে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটি থানা থেকে লুণ্ঠিত বলেও তিনি জানান।