চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ছবি : সংগৃহীত

ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (২৩নভেম্বর) চেম্বার ভবনে সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে দুটি প্যানেলে ৩৮জন প্রার্থী অংশ নিয়েছেন। এদের মধ্যে আটবারের নির্বাচিত সভাপতি মো. আব্দুল ওয়াহেদের নেতৃত্বে সাধারণ গ্রুপে ১৪ জন এবং সহযোগী সদস্য পদে পাঁচজন অংশ নিয়েছেন।
 
অপরদিকে, হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেলে সাধারণ গ্রুপে ১৪জন এবং সহযোগী সদস্য পদে পাঁচজন অংশ নিয়েছেন। সাধারণ ও সহযোগী পদে এক হাজার ২৭৮ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এদিকে, এই নির্বাচনে প্রভাবিত করার জন্য জামায়াতের সাবেক এমপি লতিফুর রহমান, বিএনপির সাবেক এমপি হারুনুর রশিদ হারুন ও তার স্ত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া পতিত স্বৈরাচারের দোসরদের মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল ওয়াহেদ।

অন্যদিকে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেলের প্রার্থী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, একই ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ব্যবহার করে সদস্য হয়েছেন এবং তারা সমসংখ্যক ভোট প্রদান করছেন।

তবে এই দাবি নাকচ করে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলাইমান বিশু বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সব নিয়ম মেনেই ভোটগ্রহণ করা হচ্ছে।