বিরামপুরে ধানক্ষেতে নারীর রক্তাক্ত মরদেহ
ছবি : প্রতীকি
দিনাজপুরের বিরামপুরের ধানক্ষেত থেকে এক সাঁওতাল নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম বৃষনি পাহান।শনিবার সকাল ৯টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার একটি ধানক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃষনি পাহান (৫৫) বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের মুড়াপাড়ার মৃত সাধন পাহানের মেয়ে ও পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন। তার স্বামীর নাম বধূয়া পাহান। প্রায় ২৫ বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর বাবার বাড়িতে থাকতেন তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাশের গ্রাম দামারপাড়ায় এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজে যান বৃষনি পাহান। ওই দিন আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। পরে শনিবার সকালে প্রায় তিন কিলোমিটার দূরে ধানক্ষেতে তার মরদেহের খবর পান তারা। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে মরদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষনি পাহানকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।