অফিসের শয়নকক্ষ থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

অফিসের শয়নকক্ষ থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের অফিসের শয়নকক্ষ থেকে সংস্থাটির এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তখন উত্তরণের রিমেল রেসপন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সবুর মলঙ্গীর (৫২) মরদেহ পাওয়া যায় অফিসের দোতলায় তার শয়নকক্ষের খাটের ওপর। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাচরখি গ্রামের আবুল হাসেম মলঙ্গীর ছেলে। 

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শেখ নাদিমুজ্জামান আকাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রোববার বিকেল ৩টার দিকে তার অফিসের অপর সহকর্মীরা তাকে নিজ বিছানায় মৃত অবস্থায় পান। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শেখ নাদিমুজ্জামান আকাশ তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যা ৭টার দিকে সবুর মলঙ্গীর বড় ভাই মোক্তার হোসেন মলঙ্গী ও উত্তরণ অফিসের কয়েকজন কর্মকর্তা হাসপাতাল থেকে সবুর মলঙ্গীর মরদেহ বুঝে নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওনা হন।

সবুর মলঙ্গীর মৃত্যুর বিষয়ে তার ভাই, স্ত্রী ও পরিবারের কারও অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ হস্তান্তর করেন।