এআই নিয়ে এরিকসনের সাথে কাজ করার সমঝোতা সাক্ষর করেছে গ্রামীণফোন

এআই নিয়ে এরিকসনের সাথে কাজ করার সমঝোতা সাক্ষর করেছে গ্রামীণফোন

ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় ও উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে মোবাইল টেলিযোগাযোগ অপারেটর গ্রামীণফোন। এ স্মারকের লক্ষ্য উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমশেন সল্যুশন চালুর দিকে নজর দেওয়া। প্রযুক্তিগত পরীক্ষা, কর্মশালা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এটি করা হবে।

সমঝোতার আওতায় দেশজুড়ে টেলিযোগাযোগ খাতে টেকসই উদ্ভাবন ও প্রবৃদ্ধির ধারাকে বেগবান করতে শিল্প-সংশ্লিষ্ট সহযোগী, নিয়ন্ত্রক ও সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করা হবে। সমঝোতা স্মারকটি সম্প্রতি ইনোভেট এশিয়া ২০২৪ অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়েছে।

গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, 'গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআইকে প্রাধান্য দিচ্ছে। সে দিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা।'

হেড অব এরিকসন মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশ ডেভিড হেগারব্রো বলেন, 'এই উদ্ভাবনী পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরস্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরও বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।'