পুরুষের ওজন বৃদ্ধিতে কমতে পারে সন্তান জন্মদানের ক্ষমতা
ছবি: প্রতীকী
দেহের বাড়তি ওজন অসংখ্য রোগের কারণ। জানলে অবাক হবেন, প্রতিবছর বিশ্বে ২৮ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয় ওবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে। বাড়তি ওজন ডেকে আনে দুরারোগ্য ও একাধিক জটিল রোগের ঝুঁকি।
কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণায় দেখা গেছে, পুরুষদের শরীরে মেদ কম থাকলে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় ৪০ শতাংশ। অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বাড়ে।
বন্ধ্যত্ব, শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া এবং টেস্টোস্টেরনের মাত্রা হ্রাস পাওয়া— পুরুষদের ক্ষেত্রে এসব সমস্যার নেপথ্যের অন্যতম কারণ হিসাবে স্থূলতাকেই দেখছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, বন্ধ্যত্ব ছাড়াও অতিরিক্ত ওজন আরও কিছু স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। এর মধ্যে রয়েছে- ডায়াবেটিস, কোলেস্টেরলে, উচ্চ রক্তচাপ ইত্যাদি।
পরিসংখ্যান বলছে, পুরুষদের মধ্যে ওবেসিটির কারণে গত এক বছরে আমেরিকায় জন্মহারের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমেছে। অনেকেরই দাবি, তারা ওজন কমিয়ে রোগা হওয়ার পর শুক্রাণুর ঘনত্ব এবং সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
শুক্রাণুর সংখ্যা বাড়াতে ওজন কমানোর পাশাপাশি আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে। চলুন এগুলো সম্পর্কে জানা যাক-
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
স্বাস্থ্যকর শুক্রাণু উত্পাদন নিশ্চিত করতে খাদ্যতালিকায় পুষ্টিকর খাদ্য রাখতে হবে। ফল, শাকসবজি এবং পুরো শস্য বেশি করে খান। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।
নিয়মিত ব্যায়াম
সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে সামগ্রিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম জরুরি। প্রতিদিন অন্তত কিছুটা সময় শরীরচর্চা করুন।
মানসিক চাপ কমান
কাজের চাপ, স্ট্রেস, মানসিক চাপের প্রভাব পড়ে শরীরে। এটি শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়। তাই মনের ওপর চাপ কমান। এজন্য প্রয়োজনে ধ্যান বা যোগব্যায়াম করতে পারেন।
ধূমপান এড়িয়ে চলুন
শুক্রাণু উৎপাদনের হার বাড়াতে চাইলে ধূমপান এড়িয়ে চলতে হবে। ছাড়তে হবে মদ্যপানের অভ্যাসও।
পর্যাপ্ত ঘুম
হরমোনের ভারসাম্য অপ্টিমাইজ করতে এবং শুক্রাণু উত্পাদনসহ শরীরের প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে তরান্বিত করতে অবশ্যই পর্যাপ্ত ঘুম জরুরি। দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমের অভ্যাস করুন।