বায়ুদূষণে শীর্ষে সারায়েভো; ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
ফাইল ছবি
ঢাকার বাতাস আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে 'খুবই অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। সকাল পৌনে ৮টার দিকে আইকিউএয়ারের বাতাসের মান সূচক অনুযায়ী, ঢাকার স্কোর ছিল ২৩৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বের ১২৪টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। একই সময়ে বায়ুদূষণে শীর্ষে ছিল বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো, যার স্কোর ছিল ৩২০। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর (২৯৮) এবং ভারতের নয়াদিল্লি (২৯৪)।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ ছিল। সোমবার সকাল ১০টার দিকে ঢাকার স্কোর ছিল ৩১৬, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত হয়।
বায়ুদূষণের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কতা দিয়ে, সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, এ অবস্থায় ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। এছাড়া, খোলা জায়গায় ব্যায়াম করা থেকে বিরত থাকতে এবং ঘরের জানালা বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।